৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এবং বঙ্গ ও ফেসকার্ড প্রযোজিত চলচ্চিত্র ‘রইদ’। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অস্কার প্রতিনিধি হিসেবে সিনেমাটির নাম ঘোষণা করা হয়। এবার বাংলাদেশের পক্ষ থেকে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়লেও কমিটির মূল্যায়ন ও সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে ‘রইদ’ নির্বাচিত হয়েছে।
অস্কারে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’-এর যাত্রায় যুক্ত হলো নতুন অধ্যায়। এর আগে ভিয়েতনামে অনুষ্ঠিত ৪র্থ দা নং এশীয় চলচ্চিত্র উৎসবে সমালোচক বিভাগে সেরা এশীয় চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে সিনেমাটি। পাশাপাশি ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামের Tiger Competition-এ নির্বাচিত হওয়ার পাশাপাশি সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে ‘রইদ’।
মেজবাউর রহমান সুমনের পরিচালনায় নির্মিত সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। সিলেটের কোম্পানীগঞ্জে চিত্রায়িত ‘রইদ’-এর গল্প আবর্তিত হয়েছে দরিদ্র বর্গাচাষি সাদু ও তাঁর স্ত্রীকে ঘিরে। নববিবাহিত দম্পতির জীবন, গ্রামীণ সমাজ, রহস্য এবং বাস্তবতা ও মিথের মিথস্ক্রিয়াকে জাদুবাস্তবতার আবহে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘রইদ’ বাংলাদেশের গল্প, লোককাহিনি, সংস্কৃতি ও মানুষের জীবনবোধ থেকে উঠে আসা একটি চলচ্চিত্র। অস্কারের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে তিনি বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গের পক্ষ থেকেও বলা হয়েছে, জনপ্রিয় ঘরানার কনটেন্টের পাশাপাশি ভিন্নধর্মী ও নান্দনিক চলচ্চিত্র নির্মাণের প্রচেষ্টার অংশ হিসেবেই ‘রইদ’ তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলা চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের গল্প আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা রয়েছে নির্মাতা ও সংশ্লিষ্টদের।



