তালিকায় শাহরুখ খানের অবস্থান ৯২তম হলেও তার পেছনে রয়েছেন হলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকা। তাঁদের মধ্যে রয়েছেন জোয়াকিন ফিনিক্স, জেনডায়া, এমা স্টোন, এডি মারফি ও সিলভেস্টার স্ট্যালোন। চার দশকের বেশি সময় ধরে বড় পর্দায় কাজ করার পাশাপাশি অভিনয়ের বৈচিত্র্য ও দর্শকদের কাছে নিজের জনপ্রিয়তা ধরে রাখার বিষয়টি তাঁর এই স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শাহরুখ খানের দীর্ঘ অভিনয়জীবনের প্রতিনিধিত্ব করতে তাঁর অভিনীত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমাটিকে বেছে নিয়েছে ভ্যারাইটি। ২০০২ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই, জ্যাকি শ্রফ ও কিরণ খের। শাহরুখের অভিনয়শৈলী নিয়ে মন্তব্য করতে গিয়ে সাময়িকীটি তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থাপনা, রসবোধ এবং দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের তারকাখ্যাতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতার প্রশংসা করেছে।
১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন শাহরুখ খান। পরবর্তী সময়ে রোমান্টিক নায়ক হিসেবে হিন্দি চলচ্চিত্রে স্বতন্ত্র পরিচিতি পান তিনি। বিশেষ করে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। এরপর কমেডি, পারিবারিক গল্প ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের পাশাপাশি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশন সিনেমায়ও সাফল্য পেয়েছেন তিনি। ৯০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতার ক্যারিয়ারে রয়েছে নানা ধরনের স্মরণীয় চরিত্র।
ভ্যারাইটির প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছেন মেরিলিন মনরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে হামফ্রে বোগার্ট ও চার্লি চ্যাপলিন। চতুর্থ স্থানে জ্যাক নিকলসন এবং পঞ্চম স্থানে ক্যাথরিন হেপবার্ন জায়গা পেয়েছেন। শীর্ষ দশে আরও রয়েছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি অভিনেতা তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।
সাময়িকীটির তথ্য অনুযায়ী, অভিনয়শৈলী ও জনপ্রিয়তার পাশাপাশি চলচ্চিত্রের ইতিহাসে তারকাদের প্রভাব এবং সমসাময়িক সময়ে তাঁদের প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে।
এদিকে নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এতে শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।
সূত্র: ইস্টার্ন আই।



