কৃষ্ণার প্রতিষ্ঠানের নাম ‘হেরাল্ড ই-বাইক’। ভারতের গাজিয়াবাদভিত্তিক এই প্রতিষ্ঠান বৈদ্যুতিক দুই চাকার যান তৈরি ও বাজারজাত করে। বর্তমানে প্রতিষ্ঠানটির পণ্যের তালিকায় রয়েছে ৩৪টি মডেলের ইলেকট্রিক স্কুটার।
কৃষ্ণার কর্মজীবন শুরু হয় ২০০৫ সালে। তখন তার মাসিক বেতন ছিল ৩ হাজার ৫০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৬৭০ টাকা। পরবর্তী সময়ে অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে কর্মজীবনে এগিয়ে যান তিনি। ২০১৪ সালে একটি আন্তর্জাতিক বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ের পদে যোগ দেন। তবে নিজের ব্যবসা গড়ে তোলার স্বপ্ন থেকে একসময় চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এ যাত্রায় সবচেয়ে বড় সহায়তা করেন তার স্ত্রী রিতিকা। নিজের সঞ্চিত অর্থ দিয়ে স্বামীর ব্যবসা শুরুর উদ্যোগে পাশে দাঁড়ান তিনি।
২০১৮ সালে ‘কৃষিকা সার্ভিসেস’ নামে ব্যবসার যাত্রা শুরু করেন কৃষ্ণা। পরবর্তী সময়ে ২০২২ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি ‘কৃষিকা ইভি ইন্ডিয়া’ নামে নিবন্ধিত হয়। তার সাবেক সহকর্মী ও বন্ধু বিনয় কুমারও ব্যবসায় অংশীদার হিসেবে যুক্ত হন।
ব্যবসার শুরুতে ভারতের ছোট ও মাঝারি শহরগুলোর বাজারকে গুরুত্ব দেন তারা। এসব এলাকার ক্রেতাদের মধ্যে বৈদ্যুতিক স্কুটার নিয়ে আগ্রহ থাকলেও পণ্যের মান, ব্যাটারির স্থায়িত্ব এবং বিক্রয়-পরবর্তী সেবা নিয়ে সংশয় ছিল। ক্রেতাদের সেই আস্থা অর্জনে ব্যাটারি ও মোটরের ক্ষেত্রে পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়ার ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি।
বর্তমানে হেরাল্ড ই-বাইকের ৩৪টি মডেলের মধ্যে ২৩টি কম গতির এবং ১১টি বেশি গতির স্কুটার। ভারতের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির সক্রিয় শোরুমের সংখ্যা ৫৫০টির বেশি। নিজস্ব বড় উৎপাদন অবকাঠামো গড়ে না তুলে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে ব্যবসা সম্প্রসারণ করেছে তারা।
দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৭৮ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আয় বেড়ে দাঁড়ায় ১ কোটি ৯০ লাখ রুপি বা প্রায় ২ কোটি ৫৩ লাখ টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৭ কোটি ৮০ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৪১ লাখ টাকা।
বর্তমানে প্রতিষ্ঠানটির মাসিক আয়ের গতি প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরে ২০ কোটি রুপি বা প্রায় ২৬ কোটি ৭০ লাখ টাকা বার্ষিক আয় অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে হেরাল্ড ই-বাইক।
ভারতের বাজারে সাফল্যের পর এবার নেপাল ও শ্রীলঙ্কায় ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ২০২৯ সালের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যও রয়েছে তাদের। স্ত্রীর সঞ্চয় দিয়ে শুরু হওয়া ছোট উদ্যোগ থেকে ৫৫০টির বেশি শোরুমের এই যাত্রা কৃষ্ণা গ্রোভারের উদ্যোক্তা হয়ে ওঠার এক অনুপ্রেরণামূলক গল্প।



