সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস নতুন লুকে আলোচনায় থাকা ঢালিউড কুইন অপু বিশ্বাস এবার নিজের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করে আবারও শিরোনামে এলেন। সম্প্রতি নতুন সাজের কিছু ছবি প্রকাশ করে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই নায়িকা। এরই ধারাবাহিকতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভক্তসংখ্যা ও জনপ্রিয়তা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
অপু বিশ্বাস দাবি করেন, দেশের বিপুলসংখ্যক মানুষই তাকে পছন্দ করেন। তার ভাষায়, “দেশে ১৮ কোটি মানুষ থাকলে তার মধ্যে অন্তত ১২ থেকে ১৩ কোটি মানুষ আমাকে পছন্দ করেন। বাকিদের অনেকেই হয়তো আমাকে চেনেন না, আর অল্প কিছু মানুষ হয়তো আমাকে অপছন্দ করেন। তবে পছন্দ আর অপছন্দ মিলিয়েই তারা আমাকে দেখেন ও অনুসরণ করেন।” নায়িকার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।
কিছুদিন আগে নতুন সিনেমার খবর কম থাকলেও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন এবং পারিবারিক ব্যবসায়ও মনোযোগ দিচ্ছেন তিনি। সম্প্রতি একসঙ্গে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। এর মধ্যে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন সজল। অন্যদিকে, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় তার নায়ক আদর আজাদ। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ঈদ উৎসবে সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রায় দুই দশকের ক্যারিয়ারে অপু বিশ্বাস ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করে তিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘কোটি টাকার কাবিন’সহ প্রায় ৮০টির বেশি সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০২৪ সালে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় প্রশংসিত অভিনয়ের মাধ্যমে আবারও নিজের দক্ষতার প্রমাণ দেন অপু বিশ্বাস। নতুন দুটি সিনেমা নিয়ে এবার দর্শকদের সামনে আরও ভিন্ন রূপে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই জনপ্রিয় তারকা।



