ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ফুডপান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের সিদ্দিকী, পাণ্ডামার্টের পরিচালক মো. তাবরেজ খানসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ব্যবসায়ী শিহাব মাহমুদ বশিরের দায়ের করা ব্যবসায়িক জালিয়াতি, প্রতারণা, চেক ডিজঅনার এবং পণ্য সরবরাহের আনুমানিক ৩.৮০ থেকে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একাধিক মামলার তদন্ত প্রতিবেদন পুলিশ আদালতে জমা দেওয়ার পর বিচারক এই পরোয়ানা দেন।
গ্রেফতারি পরোয়ানা জারির পর পরই ফুডপান্ডার প্যারেন্ট কোম্পানি ‘ডেলিভারি হিরো স্টোরস’ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কোনো ফৌজদারি অপরাধে জড়িত নন এবং তারা ইতোমধ্যে হাইকোর্ট থেকে ওই ৫ কর্মকর্তার জন্য আগাম জামিন সংগ্রহ করেছেন। প্রতিষ্ঠানটির দাবি, সরবরাহকারীর সাথে চলমান একটি ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত পাওনা দাবির জের ধরে এই মামলাগুলো করা হয়েছে, যা আদতে একটি বাণিজ্য বিরোধ এবং পাল্টা পদক্ষেপ মাত্র।
পুলিশি তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বাদীপক্ষ জানালেও, ডেলিভারি হিরো স্টোরস বলছে পুলিশি তদন্তে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক উপাদানের প্রমাণ পাওয়া যায়নি, বরং অভিযোগকারী ব্যবসায়ীর কাছেই কোম্পানির টাকা পাওনা রয়েছে। জামিন পাওয়ার পর মামলাগুলো আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবেলা করা হবে বলে ফুডপান্ডা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।



