শিশুদের কল্পনার মহাকাশকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দিতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ‘নাসা অ্যাস্ট্রো ক্যাম্প–৩’। বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইপিলিয়ন গ্রুপের সহযোগিতায় শুক্রবার দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয় শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। ক্যাম্পে অংশ নেওয়া খুদে শিক্ষার্থীরা হাতে-কলমে মহাকাশ বিজ্ঞানের নানা রোমাঞ্চকর পরীক্ষায় অংশ নেয়, যার ফলে পুরো ভেন্যুতে তৈরি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও স্টেম (STEM) শিক্ষার আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির মোট ৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। ক্যাম্পের পুরো কার্যক্রম পরিচালনা করেন নাসা (NASA) থেকে সরাসরি প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফাইড ফ্যাসিলিটেটররা, যা শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শেখার অভিজ্ঞতা নিশ্চিত করে।
ক্যাম্পে শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়ালিটি (VR) প্রযুক্তির মাধ্যমে মহাকাশ ভ্রমণ, মঙ্গল গ্রহে অবতরণের জন্য মার্স ল্যান্ডার মডেল তৈরি, মহাকাশে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া বোঝা, স্পেস এয়ার ফিল্টার তৈরি এবং আলো-ছায়ার সাহায্যে সূর্য ও চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুধাবনসহ নানা কার্যক্রমে অংশ নেয়। পাশাপাশি গ্রহের গঠন সম্পর্কেও তারা বাস্তবভিত্তিক ধারণা লাভ করে। অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে নাসা থেকে পাঠানো সনদপত্র ও বিশেষ টি-শার্ট প্রদান করা হয়।
ক্যাম্পে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাজধানীর এজি চার্চ স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাত বছরের সামরীন সাবা নোমান বলে, ‘এখানে এসে এমন অনেক কিছু শিখেছি, যেগুলো আগে শুধু বইয়ে পড়তাম। ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে মনে হচ্ছিল সত্যিই আমি মহাকাশে ঘুরে বেড়াচ্ছি।’
একজন অভিভাবক তুহিনা তানজুম ইতি বলেন, ‘আমাদের সময় মহাকাশ শিক্ষা ছিল শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ। এখন শিশুরা হাতে-কলমে শিখছে—এটা সত্যিই আনন্দের। এমন উদ্যোগ শিশুদের চিন্তা, কৌতূহল ও সৃজনশীলতা বিকাশে বড় ভূমিকা রাখবে।’
ইভেন্ট আয়োজন প্রসঙ্গে নাসা অ্যাস্ট্রো ক্যাম্প সাইট পার্টনার বাংলাদেশের ডিরেক্টর এবং ইপিলিয়ন গ্রুপের সিএসআর বিভাগের এজিএম নাজমুল আহসান স্বরূপ জানান, ‘আমাদের লক্ষ্য হলো মহাকাশ বিজ্ঞানের জটিল বিষয়গুলো শিশুদের কাছে সহজ, আনন্দদায়ক ও বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা। নাসা এসিসিপি (NASA ACCP)-এর অফিশিয়াল পার্টনার হিসেবে আমরা গর্বিত যে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন বিশ্বমানের লার্নিং মডিউলের মাধ্যমে শেখার সুযোগ পাচ্ছে।’ তিনি আরও জানান, এর আগে দেশে আরও দুটি নাসা অ্যাস্ট্রো ক্যাম্প সফলভাবে আয়োজন করা হয়েছে।



