যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত আরও আটটি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। এর ফলে আশ্রয়প্রার্থীদের জন্য হোটেলনির্ভর আবাসন ব্যবস্থার পরিধি আরও কমেছে।
হোম অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গত গ্রীষ্মের পর থেকে বোর্নমাউথ থেকে ফালকার্ক পর্যন্ত বিভিন্ন এলাকায় আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত আটটি হোটেল বন্ধ করে সেগুলো স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়া হয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট ৫২টি আশ্রয়প্রার্থী আবাসিক হোটেল বন্ধ করা হয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে এ ধরনের প্রায় ১৪০টি হোটেল চালু রয়েছে। অথচ ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪০০টি এবং ২০২৪ সালের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার সময় ছিল ২১৩টি।
হোম অফিসের তথ্য অনুযায়ী, গত এক বছরে আশ্রয়প্রার্থীদের হোটেলে বসবাসকারীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে প্রায় ১৬ হাজার আশ্রয়প্রার্থী এসব হোটেলে অবস্থান করছেন, যা আগের সরকারের আমলে সর্বোচ্চ ৫৬ হাজারে পৌঁছেছিল। অর্থাৎ সর্বোচ্চ অবস্থানের তুলনায় বর্তমানে হোটেলে বসবাসকারী আশ্রয়প্রার্থীর সংখ্যা প্রায় ৭১ শতাংশ কমেছে।
যুক্তরাজ্য সরকারের দাবি, অভিবাসন ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ কমছে। পাশাপাশি আশ্রয়প্রার্থীদের আবাসনের জন্য হোটেলের ওপর নির্ভরশীলতাও ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।



