দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)। রাজ্যটির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়। বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর দলটির সমর্থন সংখ্যা ১১৯-এ পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে।
শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসেন বিজয় । এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান এবং গভর্নর তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান । এর আগে বুধবার ও বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে বৈঠক করলেও সরকার গঠনের মতো পর্যাপ্ত সমর্থন না থাকায় ইতিবাচক সিদ্ধান্ত পাননি বিজয় ।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে চমক দেখায় টিভিকে । তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে কংগ্রেসের ৫ আসন এবং সিপিআই, সিপিআই(এম) ও ভিসিকে-এর ২টি করে আসনের সমর্থন পেয়ে টিভিকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ।
রাজনৈতিক সূত্র জানায়, আগামীকাল (৯ মে) সকাল ১১টায় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । থালাপতি বিজয়ের শপথগ্রহণের মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস সৃষ্টি হতে চলেছে—প্রথমবারের মতো কোনো অভিনেতা তাঁর প্রথম নির্বাচনে সরাসরি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ।



