১৫ বছর পর অস্ট্রেলিয়া আবারও বাংলাদেশ সফরে আসছে। ২০১১ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়া বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন জুনে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া সম্প্রতি ভেন্যুসহ পূর্ণ সূচি প্রকাশ করেছে। ৯, ১১ ও ১৪ জুন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তিনটি দিবারাত্রির ওয়ানডে অনুষ্ঠিত হবে, যা শুরু হবে দুপুর ২টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের জন্য দলগুলো চট্টগ্রামে যাবে। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচগুলো আয়োজিত হবে। প্রথম দুই টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টায় শুরু হলেও তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে দিনের আলোয়, দুপুর ২টায়। উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যান্টিগায় বৃষ্টি আইনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আর বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ২০২১ সালে, সেবার স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।



