ঢাকা: ধানমণ্ডি লেক থেকে জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাবেদ আহমেদ পেশায় একজন মার্কেটিং কনসালট্যান্ট ছিলেন এবং বসুন্ধরা আবাসিক এলাকার ‘আই’ ব্লকে বসবাস করতেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমণ্ডির ১০ নম্বর সড়কের একটি হোটেলের পেছনের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় এবং তারা এসে মরদেহ শনাক্ত করেন।
পুলিশ জানায়, তিনি পেশায় মার্কেটিং কনসালট্যান্ট হলেও বেশ কিছুদিন ধরে বেকার ছিলেন। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।



