নবায়নযোগ্য শক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন চিনের বিজ্ঞানীরা। দক্ষিণ চীন সাগরের পানির তলদেশে সোলার প্যানেল বসিয়ে সফলভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছেন তারা। সমুদ্রের ১০ মিটার গভীরে প্যানেল স্থাপন করে চালানো এই পরীক্ষণ পরিবেশবান্ধব প্রযুক্তির নতুন এক দুয়ার উন্মোচন করেছে।
পানির এত গভীরে ভূপৃষ্ঠের মাত্র ১০ শতাংশ আলো পৌঁছাতে পারে। কিন্তু বিজ্ঞানীরা বিশেষ প্রযুক্তির লেড-হ্যালাইড পেরোভস্কাইট (lead-halide perovskite) সোলার সেল ব্যবহার করেছেন, যা পানির নিচের নীল-সবুজ আলো পর্যবেক্ষণ ও শোষণ করে কাজ করতে অত্যন্ত কার্যকর। এই পরীক্ষণ চলাকালে পানির তলদেশের সোলার সেলগুলো সফলভাবে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জ করতে সক্ষম হয় এবং একই সাথে একটি এলইডি প্যানেলে বিদ্যুৎ সরবরাহ করে।
গবেষকদের মতে, প্রযুক্তিটির বাণিজ্যিক ও বৈজ্ঞানিক ব্যবহার অত্যন্ত ব্যাপক হতে যাচ্ছে। ভবিষ্যৎ দিনগুলোতে এই পানির নিচের সৌর প্রযুক্তি ব্যবহার করে রিমোট সেন্সর, ক্যামেরা, যোগাযোগের যন্ত্রপাতি, বিশেষ রোবট এবং আন্ডারওয়াটার ভেহিকল বা পানির তলদেশের যান পরিচালনা করা সম্ভব হবে। সামুদ্রিক গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে এই উদ্ভাবন এক নতুন দিগন্ত নির্দেশ করছে।



