আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালনার জন্য ‘বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার’ অর্জন করেছেন বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’ (ইংরেজি শিরোনাম: ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’) এই সম্মাননা এনে দিয়েছে। ইশতিয়াক আহমেদ জিহাদের রচনা ও পরিচালনায় এবং মনোজ প্রামাণিকের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের বাস্তবতা উঠে এসেছে।
বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত ৮০ মিনিটের সাদা-কালো এই বাংলা চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন সামিউল করিম সুপ্তক। ২০২৬ সালে ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে চলচ্চিত্রটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। অভিনয়ে রয়েছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম ও অশোক বেপারীসহ আরও অনেকে।
ডাবলিনের এই স্বীকৃতির পাশাপাশি এর আগে চীনের ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড এবং রাশিয়ার ২৪তম আমুর অটাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন ক্রেন অ্যাওয়ার্ডে সেরা চিত্রগ্রহণের পুরস্কার জিতেছিল ‘সাঁকোটা দুলছে’। ফলে এ নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ঝুলিতে জমা হলো মোট তিনটি পুরস্কার। নতুন নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাজের এমন ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য বাংলাদেশের স্বাধীন ও বিকল্পধারার চলচ্চিত্রের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।



