প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন। নির্দেশনায় বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।
সরকারি এ সিদ্ধান্ত অনুযায়ী, জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের কাছে পাঠানো হবে। এ জন্য যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে। তবে যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে কিংবা যারা এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন হবে না। অন্যদিকে, বর্তমানে উপবৃত্তি না পাওয়া ছাত্রীদের বা তাদের অভিভাবকদের নামে নতুন হিসাব খুলতে হবে।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই-বোন, দাদা-দাদি অথবা নানা-নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন। বাবা কিংবা মায়ের নামে আগে থেকে অনলাইন ব্যাংক বা এজেন্ট ব্যাংকিং হিসাব থাকলে কিংবা নতুন হিসাব খোলা হলে সেই হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবককে আবেদনপত্রে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।
বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক হিসেবে যাঁর নাম উল্লেখ করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে বিশেষ শর্ত রাখা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাঁকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং তাঁর নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ, বাবার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করা হলে একই পরিচয়পত্র ব্যবহার করে বাবার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
হিসাব খোলার সময় কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক। এ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন না হলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না। এ ছাড়া কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে উল্লেখিত আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির কেউ না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে মনোনীত করে প্রত্যয়নপত্র দেবেন। তথ্য এন্ট্রির সময় ওই প্রত্যয়নপত্র এইচএসপি-এমআইএস সফটওয়্যারে আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীরা শুধু নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, স্কুল ব্যাংকিং হিসাব অবশ্যই শিক্ষার্থীর নিজের নামে খুলতে হবে। তবে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ ক্ষেত্রে শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব হালনাগাদ করতে হবে।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকেও এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত ও বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে ইআইআইএন নম্বর পাওয়া প্রতিষ্ঠানগুলো এ কর্মসূচিতে যুক্ত হতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের জন্য কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি ও ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে। উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে [email protected] ঠিকানায় ই-মেইল করার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় সংশ্লিষ্ট উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তাঁদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিষয়টি অবহিত করা এবং কার্যক্রম নিবিড়ভাবে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পুরো বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে।



