লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে (AWFF) ‘রইদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা ‘স্নো লেপার্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশি অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই চলচ্চিত্রে তুষি মানসিক স্বাস্থ্যসমস্যায় ভোগা এক নারীর চরিত্রে অভিনয় করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এর আগে কানাডার ১২তম মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালেও একই চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার
জিতেছিলেন তিনি।
নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান অভিনীত ‘রইদ’ চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ার হয়েছিল ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের (IFFR) টাইগার প্রতিযোগিতা বিভাগে, এবং পরবর্তীতে এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সাদু ও তার স্ত্রীর জীবনসংগ্রাম এবং মানসিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনাসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে।
হলিউড ও বৈশ্বিক মঞ্চে এশীয় চলচ্চিত্র তুলে ধরার পাশাপাশি ‘রইদ’ এবার ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের অফিশিয়াল এন্ট্রি হিসেবে প্রতিনিধিত্ব করছে। এই অর্জনকে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করে তুষি জানান, পুরস্কারের কথা ভেবে নয়, বরং চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই স্বীকৃতি তাকে অভিনয়ের ক্ষেত্রে আরও দায়িত্বশীল করে তুলেছে।



