গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া বাংলাদেশি পেসার রুবেল হোসেনকে সম্মাননা জানাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রুবেল তিন ফরম্যাটেই খেলেছেন—২৭ টেস্টে ৩৬ উইকেট, ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট এবং ২৮ টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো ও ২০১৩ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে ‘বাংলাওয়াশ’ সৃষ্টিসহ অসংখ্য স্মরণীয় জয়ে অবদান রয়েছে তাঁর। ১২ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দেশের ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ আগামীকাল (২০ এপ্রিল) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডের আগে তাঁকে সম্মাননা জানাবে বিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড।



