সাকিব আল হাসানকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল জাতীয় দলের দরজা তার জন্য খোলা, কিন্তু সেই সিরিজে খেলেননি তিনি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তাকে দেখা যাচ্ছে না। ফলে বিশ্বসেরা এই অলরাউন্ডারের অপেক্ষা আরও বেড়েছে। তবে দিন যত যাচ্ছে, তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা ততই উজ্জ্বল হচ্ছে।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার শনিবার জানিয়েছেন, তিনি সাকিবের সঙ্গে কথা বলেছেন। সাকিব বর্তমানে যেখানে আছেন, সেখানে নিয়মিত ক্রিকেট ও পর্যাপ্ত ট্রেনিংয়ের সুযোগ নেই—এই বিষয় নিয়েই বেশি আলোচনা হয়েছে। তিনি সাকিবের দলে ফেরার শর্ত পরিষ্কার করে বলেন, আন্তর্জাতিক ক্রিকেট অনেক কিছু দাবি করে, তাই প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাকিব যদি পুরোপুরি প্রস্তুত থাকে এবং দীর্ঘমেয়াদে খেলতে চায়, তাহলে তাকে অবশ্যই বিবেচনায় রাখা হবে।
২০২৪ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন সাকিব। তারপর থেকে রাজনৈতিক ও আইনগত কারণে তিনি দলের বাইরে। তার নামে একাধিক মামলা ঝুলছে। এছাড়া জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়ার পর ফ্র্যাঞ্চাইজি লিগেও অনিয়মিত হয়ে পড়েছেন তিনি।



