মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের লস্করপুর এলাকা থেকে ‘মিরুশি’ নামের সাত মাস বয়সী একটি পার্সিয়ান বিড়াল নিখোঁজ হয়েছে। প্রিয় পোষা বিড়ালটির সন্ধানে এলাকায় মাইকিং করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন এর মালিক দুই বোন হাবিবা ইসলাম ও আয়শা ইসলাম। মিরুশির সন্ধান দিতে পারলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
কুলাউড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই বোনের পোষা বিড়াল মিরুশির গায়ের রং সাদা ও হালকা ধূসর। শরীর ও লেজে রয়েছে ঘন ও লম্বা পশম। গত ৪ অক্টোবর তাদের বাসা থেকে বিড়ালটি নিখোঁজ হয়। বুধবার রাতে হাবিবা নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘নিখোঁজ সংবাদ’ শিরোনামে একটি পোস্ট দিয়ে মিরুশির সন্ধান চেয়েছেন।
দুই বোন জানান, ওই দিন তাদের বাসায় কয়েকজন অতিথি এসেছিলেন। অতিথিরা চলে যাওয়ার পর মিরুশিকে আর খুঁজে পাওয়া যায়নি। আশপাশের বিভিন্ন বাসাবাড়িতে খোঁজ নেওয়ার পাশাপাশি সিসিটিভি ফুটেজও দেখা হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যায় এক তরুণকে একটি বিড়াল বুকে নিয়ে হেঁটে যেতে দেখেছেন। তবে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। পাশের এক আত্মীয়ের বাসার সিসিটিভি ফুটেজেও ওই তরুণকে দেখা গেলেও তার সঙ্গে বিড়াল ছিল কি না, তা স্পষ্ট হয়নি।
মিরুশির সন্ধানে আশপাশের এলাকায় মাইকিং করার পাশাপাশি কুলাউড়া শহরের বাসস্ট্যান্ডেও খোঁজ করেছেন দুই বোন। বাসস্ট্যান্ডের ব্যবস্থাপক তাদের জানিয়েছেন, ৫ অক্টোবর এক তরুণকে কাঁধে একটি বিড়াল নিয়ে বাসে উঠতে দেখা গেছে। বিষয়টি তাদের সন্দেহ আরও বাড়িয়েছে বলে জানান তারা।
হাবিবা বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে তারা সবার সহযোগিতা চেয়েছেন। কেউ মিরুশির সন্ধান দিতে পারলে তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ ঘটনায় কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করার কথাও জানিয়েছেন তিনি। কুলাউড়া থানার উপপরিদর্শক ফরহাদ মাতব্বর বলেন, দুই বোন থানায় এসে বিষয়টি জানিয়েছেন। নিখোঁজ বিড়ালটির ছবি এবং তাদের নাম-ঠিকানা রাখা হয়েছে। বিড়ালটির সন্ধানে চেষ্টা চলছে।
বিড়ালের প্রতি দুই বোনের ভালোবাসা ছোটবেলা থেকেই। তারা জানান, ছোটবেলায় তাদের দুটি দেশি বিড়াল ছিল। একবার তাদের বাবা রাগ করে বিড়াল দুটিকে বাড়ি থেকে দূরে রেখে এলে তারা স্কুল থেকে ফিরে বিড়াল না পেয়ে কান্না শুরু করেন। পরে বাবা তাদের সঙ্গে নিয়ে বিড়াল দুটিকে খুঁজতে বের হন। প্রথমে একটি এবং সাত-আট দিন পর আরেকটি বিড়ালের সন্ধান পাওয়া যায়। বিড়াল দুটিকে ফিরে পেয়ে তারা খুব আনন্দিত হয়েছিলেন।
বর্তমানে দুই বোনের কাছে চারটি পার্সিয়ান ও চারটি দেশি জাতের বিড়াল রয়েছে। প্রতিটির আলাদা নামও রয়েছে। গত দুই বছর ধরে তারা পার্সিয়ান বিড়াল পালন করছেন। তাদের ভাষ্য, বিড়ালগুলোকে প্রতিদিন দুই বেলা সেদ্ধ মুরগির মাংস ও বিড়ালের খাবার দেওয়া হয়। কুলাউড়ায় বিড়ালের খাবার সহজে পাওয়া যায় না বলে কিছুদিন পরপর সিলেট শহরে গিয়ে তা কিনে আনতে হয়।
চার দিন ধরে মিরুশি নিখোঁজ থাকায় উদ্বিগ্ন দুই বোন। তারা জানান, অনেকে বিড়াল পোষার বিষয়টি নিয়ে ঠাট্টা বা নানা মন্তব্য করলেও অনেকেই তাদের দেওয়া পোস্ট শেয়ার করে সহযোগিতা করছেন। সবার সহযোগিতায় প্রিয় মিরুশিকে দ্রুত ফিরে পাওয়ার আশায় রয়েছেন তারা।



