চলন্ত উড়োজাহাজে পাশাপাশি বসে আছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। দুই তারকার একসঙ্গে বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাঁদের সফর ঘিরে তৈরি হয়েছে নানা কৌতূহল। নতুন কোনো সিনেমার শুটিং, নাকি অন্য কোনো আয়োজনে অংশ নিতে বিদেশযাত্রা—এমন প্রশ্ন উঠলেও জানা গেছে, তাঁরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
গত বুধবার দিবাগত রাতে একই উড়োজাহাজে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন শাকিব খান ও মিথিলা। উড়োজাহাজে শাকিবের পাশের আসনে বসা একটি স্থিরচিত্র নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন মিথিলা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আগুন ও এলিনা আসছে…। দেখা হবে নিউইয়র্কে।’ তাঁর এই পোস্টের পর দুই তারকার সফর নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে আলোচনা আরও বেড়েছে।
শাকিব খান ও মিথিলার পাশাপাশি ওই উড়োজাহাজে ছিলেন বিনোদন অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি ও ফারহান আহমেদ জোভানসহ আরও অনেকে।
শাকিব খান ও মিথিলাকে একসঙ্গে বড় পর্দায় দেখা গেছে ‘রকস্টার’ সিনেমায়। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই ছবিতে আগুন চরিত্রে অভিনয় করেন শাকিব খান এবং এলিনা চরিত্রে অভিনয় করেন মিথিলা। আজমান রুশো পরিচালিত সিনেমাটিতে একজন রকস্টারের জীবন, সংগীতজগতের খ্যাতি এবং ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন সাবিলা নূর ও সুনিধি নায়েক।
‘রকস্টার’ মিথিলার অভিনয়জীবনেও বিশেষ গুরুত্ব বহন করে। এই সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক হয় তাঁর। শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের নজরে আসেন তিনি। এবার একই উড়োজাহাজে নিউইয়র্ক যাত্রার ছবি প্রকাশের পর দুই তারকাকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে তাঁদের এই সফরে নতুন কোনো সিনেমার কাজ বা বিশেষ কোনো আয়োজন রয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।



