নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) মিরপুরে নির্বাচক প্যানেল এ দল ঘোষণা করেন। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি এবারও। পাকিস্তান সিরিজে ভালো করতে না পারলেও আফিফ হোসেন ও সাইফ হাসানদের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে হবে ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ এবং ২ মে মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেনকে ১৩ এপ্রিল দেশে ফিরিয়ে আনা হচ্ছে সিরিজ খেলতে। তবে মুস্তাফিজ সিরিজ শেষ করে পুনরায় পিএসএল খেলতে পাকিস্তানে ফিরে যাবেন। বিদ্যুৎ সাশ্রয় পরিকল্পনার কারণে সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো বেলা ১১টায় শুরু হবে (আগে দুপুর ৩টা) এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ৩টায় শুরু হবে (আগে সন্ধ্যা ৬টা)।



