বাংলাদেশে পয়লা বৈশাখ আসতে এখনো দেরি। কিন্তু তার আগেই সুদূর আমেরিকার নিউইয়র্কে বেজে উঠেছে নতুন বছরের আগমনী সুর!
হাজার হাজার মাইল দূরে বিখ্যাত ‘টাইমস স্কয়ার’ যেন একদিনের জন্য হয়ে উঠেছিল লাল-সাদা রঙের এক টুকরো বাংলাদেশ।
ভাবছেন, বৈশাখের আগেই কেন এই উৎসব? প্রবাসীরা জানিয়েছেন, ছুটির দিন রোববারে যাতে বেশি মানুষ অংশ নিতে পারেন, তাই মূল তারিখের আগেই এই বর্ষবরণের আয়োজন করা হয়েছে।
‘এনআরবি ওয়ার্ল্ড’-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে ছিল ঢাকঢোলের শব্দ, রঙিন পোশাক আর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার এই শোভাযাত্রার উদ্বোধন করেন। চমকপ্রদ ব্যাপার হলো, শুধু প্রবাসী বাঙালিরাই নন, এই রঙিন উৎসব আর উন্মাদনা দেখতে জড়ো হন অনেক ভিনদেশি মানুষ এবং থাইল্যান্ডের ডেপুটি কন্সাল জেনারেলও !
প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজেদের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই টানা চতুর্থবারের মতো এই আয়োজন করা হয়েছে।
তবে প্রবাসীদের জন্য সবচেয়ে বড় আনন্দের খবর হলো— ২০২৫ সাল থেকে নিউইয়র্ক স্টেটে ১৪ এপ্রিলকে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা নববর্ষ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বহুজাতিক এই নগরীতে এটি বাংলা ভাষা ও সংস্কৃতির এক বিশাল জয় !



