সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে ঢালিউডের কিংবদন্তি নায়ক আসলাম তালুকদার মান্না ও কলিউড সুপারস্টার থালাপতি বিজয়ের একটি ছবি। এক ফ্রেমে দুই প্রজন্মের এই দুই জনপ্রিয় মুখ দেখে আলোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। দুই বাংলার দুই কিংবদন্তির এই ছবি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও ধোঁয়াশা।
ভাইরাল ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে হাসিমুখে দাঁড়িয়ে আছেন বিজয়। দাবি করা হচ্ছে, প্রায় ২০ বছর আগে তোলা এটি। তবে ছবিটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা—তা নিয়েই এখন মূল আলোচনা।
জানা যায়, ২০০০ সালে মান্না ভারতীয় অভিনেত্রী রানী মুখার্জিকে নিয়ে ‘কৃতাঞ্জলি’ ছবি নির্মাণের ঘোষণা দেন। সেই সূত্রেই পরবর্তী সময়ে ভারত সফরে বিজয় থালাপতিসহ আরও অনেক তারকার সঙ্গে সাক্ষাৎ হয় মান্নার। এ ছাড়া মান্নার ‘বাস্তব’, ‘মিনিস্টার’, ‘বীর সৈনিক’-এর মতো সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে হওয়ায় ২০০৩ থেকে ২০০৪ সালের দিকে বিজয়ের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করছেন অনেকে।
প্রয়াত মান্নার স্ত্রী শেলি মান্না জানান, ঠিক মনে না পড়লেও বিজয়ের সঙ্গে তার দেখা হয়ে থাকতে পারে, কারণ তিনি প্রায়ই ভারতে যাতায়াত করতেন। তবে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেন, ছবিটি এআই দিয়ে তৈরি।
ছবি শনাক্তকারী ওয়েবসাইট সাইটইঞ্জিন জানায়, ছবিটি মাত্র ৩ শতাংশ এআই নির্ভর, অর্থাৎ এটি বাস্তব ক্যামেরায় তোলা। অন্যদিকে জিরোজেপিটি জানায়, ছবিটি ৫১ শতাংশ মৌলিক, পুরোনো হওয়ায় এতে শুধু আলো ও প্রয়োজনীয় কিছু সম্পাদনা করা হয়েছে।
নেটিজেনদের অনেকে দাবি করছেন, মূল ছবিতে ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ বা কাজী মারুফ। পরবর্তীতে এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের জায়গায় বিজয়ের মুখ বসানো হয়েছে।
ছবিটি আসল হোক বা এআই দিয়ে তৈরি, মান্নার পুরোনো স্মৃতি ভক্তদের আবেগে ভাসিয়ে দিয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, মান্না ও থালাপতি বিজয় দুজনেই ‘গণমানুষের নায়ক’ যারা নিজ নিজ ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন।



