হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে আশ্বাস দিয়েছে ইরান। বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, যুদ্ধাবস্থার কারণে অনেক জাহাজ হরমুজ প্রণালিতে অপেক্ষায় আছে, যার মধ্যে বাংলাদেশের কিছু জাহাজও রয়েছে। তবে এসব জাহাজ দ্রুতই প্রণালি পার করতে পারবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। রোববার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত এক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধবিরোধী প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, অতি দ্রুতই বাংলাদেশি জাহাজগুলো হরমুজ প্রণালি পার হতে পারবে। ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো এবং বাংলাদেশকে ইরান ভাইয়ের দেশ হিসেবে বিবেচনা করে।
তিনি বলেন, ইরান ইসলামাবাদে স্পষ্ট করে দিয়েছে— মর্যাদার ভিত্তিতে আলোচনা হলে তারা আলোচনা করবে, অন্যথায় নয়। তিনি আমেরিকাকেও একই বার্তা দিয়েছেন। যত দিন পর্যন্ত আলোচনার জন্য যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা আছে, তত দিন ইরান হামলা করবে না। তবে আমেরিকা যদি যুদ্ধবিরতি না মেনে হামলা চালায়, তাহলে ইরানও হামলা করতে বাধ্য হবে।



