সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য দেশে যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের আওতায় এখন থেকে মাত্র ২০ হাজার টাকার কাছাকাছি ভাড়ায় বাংলাদেশে ফেরার সুযোগ পাবেন প্রবাসীরা। প্রবাসী কর্মীদের ভ্রমণ ব্যয় কমানো এবং যাতায়াতের সুবিধা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ফলে একদিকে যেমন প্রবাসী কর্মীরা সরাসরি উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্ভাবনা দেখছে।
তিনি আরও বলেন, হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আগে যেসব একমুখী ফাঁকা ফ্লাইট চালাতে হতো, এই উদ্যোগের মাধ্যমে সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকারও বেশি আয় করার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশেষ এই ব্যবস্থায় মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে মদিনা–ঢাকা–মদিনা এবং জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার টাকা। বাংলাদেশে আসার ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার জন্য এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত।
এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এই বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যকর ও সময়োপযোগী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে তিনি সতর্ক করে বলেন, অতীতে প্রবাসীদের সুবিধার্থে নেওয়া কিছু উদ্যোগ সঠিক তদারকির অভাবে দীর্ঘস্থায়ী হয়নি। তাই এই উদ্যোগটি যেন শতভাগ কার্যকর ও টেকসই হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষভাবে নজর রাখতে হবে।



