কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। কয়েকটি ব্যাংকও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত কেওয়াইসি নথি এবং লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউর চিঠি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজ হাউজিং কমপ্লেক্সে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর ফেসবুক লাইভে এসে তিনি কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে একই লাইভে তিনি জানান, সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেননি।
অন্যদিকে, পুলিশ সালমানের চাঁদাবাজির অভিযোগ নাকচ করে জানায়, হামলার পেছনে জমি-সংক্রান্ত বিরোধ থাকতে পারে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং সালমানের স্টুডিও হামলাকারীদের মূল লক্ষ্য ছিল না। এ ঘটনায় বিভিন্ন পক্ষের বক্তব্য ও অভিযোগের মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলছে।



