রাজধানীর ৩০০ ফিট সড়ক বা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসার পর কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক নারীসহ দুই মোটরসাইকেল আরোহীকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত দুজন হলেন মোসা. স্বপ্না (২৭), যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লেডি বাইকার’ নামে পরিচিত, এবং তার স্বামী মাহফুজুর রহমান।
ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি পয়েন্ট দিয়ে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তারা। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দায়িত্ব পালনরত এক ট্রাফিক সার্জেন্ট মোটরসাইকেলটি থামানোর সংকেত দেন। পরে সার্জেন্ট উল্টো পথে চলাচলের কারণ জানতে চাইলে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে দুই আরোহীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই আরোহীকে সার্জেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তার দিকে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।
পরে সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে প্রকাশ্য সড়কে অসদাচরণ ও হেনস্তার অভিযোগে স্বপ্না ও মাহফুজুর রহমানকে আটক করা হয়। তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত দুজনকেই সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন অমান্য, সরকারি কাজে বাধা কিংবা দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণের মতো ঘটনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



