চলচ্চিত্রের পর্দার বাইরে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই এখন তার মূল মনোযোগ। সম্প্রতি রাজধানীর নিকেতনে নতুন একটি পার্লারের প্রচারণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ঈদ ও ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মতামত তুলে ধরেন অপু বিশ্বাস। ভালোবাসা দিবস নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে তার কাছে ভালোবাসার সংজ্ঞা বদলে গেছে। এখন ভালোবাসা বলতে তিনি বোঝেন নিজের কাজ, ব্যবসা এবং দর্শকদের ভালোবাসা।
অপু বিশ্বাস বলেন, “এই মুহূর্তে আমার কাছে প্রতিটি দিনই ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা আর নিজের ব্যবসাকে এগিয়ে নেওয়াই এখন আমার প্রধান লক্ষ্য।” তার মতে, জীবনের এই পর্যায়ে পেশাগত সাফল্য আর আত্মনির্ভরশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সাবেক স্বামী ও ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্পষ্টভাবে নিজের অবস্থান জানান অভিনেত্রী। অপু বিশ্বাস বলেন, “ভালোবাসা দিবসে শাকিব খানের সঙ্গে আমার কোনো আলাদা স্মৃতি নেই। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক কিছুই স্বাভাবিক হয়ে গেছে। বহুবার শুটিং সেটেই ভালোবাসা দিবস কেটেছে। তখন ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল আমাদের ভালোবাসার মুহূর্ত।”
অনুষ্ঠানের একপর্যায়ে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অপু বিশ্বাস। তিনি বলেন, রক্তের সম্পর্ক না থাকলেও ভক্তদের কাছ থেকে যে নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, তা তার কাছে অমূল্য। এই ভালোবাসা আজীবন ধরে রাখতে চান তিনি। পাশাপাশি নিজের ভবিষ্যৎ কাজ ও ব্যবসার সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এই জনপ্রিয় অভিনেত্রী।



