মোবাইল ফোনের দাম সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানো হয়েছে।
একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, ফলে এ খাতে বিদ্যমান আমদানি শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। এই পদক্ষেপের ফলে দেশীয় সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যাতে বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছে এনবিআর।
জারি করা দুটি প্রজ্ঞাপনের ফলে বাজারে মোবাইল ফোনের দামে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। এর আওতায় ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। পাশাপাশি একই মূল্যের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত হ্রাস পাবে।
সরকার আশা করছে, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের উপকরণে শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে এবং এতে ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে। মোবাইল ফোনের মূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে সরকারের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



