বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী অরিজিৎ সিং নতুন কোনো সিনেমায় আর প্লেব্যাক গানের কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে অরিজিৎ স্পষ্টভাবে লেখেন, “প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না।”
এই ঘোষণায় ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তে অনেকেই বিস্মিত ও হতাশ হয়েছেন। পোস্টে অরিজিৎ দীর্ঘদিন ধরে তার পাশে থাকার জন্য শ্রোতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে একই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন যে, সংগীত থেকে তিনি সরে যাচ্ছেন না। তিনি লেখেন, “পরিষ্কার করে বলছি, সংগীতের কাজ বন্ধ করছি না।”
কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন—সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি এই শিল্পী। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া আরেক পোস্টে তিনি জানান, বর্তমানে তার হাতে থাকা কাজগুলো শেষ করবেন। তার বক্তব্য অনুযায়ী, চলতি বছরেই তার কণ্ঠে নতুন গান প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্তে সংগীত জগতেও আলোচনা শুরু হয়েছে। প্রতিক্রিয়ায় বর্ষীয়ান কণ্ঠশিল্পী উদিত নারায়ণ বলেন, অল্প সময়ের মধ্যেই অরিজিৎ অসাধারণ সাফল্য অর্জন করেছেন। পুরস্কার, স্বীকৃতি, খ্যাতি, অর্থ এবং মঞ্চে দর্শকদের ভালোবাসা—সব ক্ষেত্রেই তিনি শীর্ষে অবস্থান করছেন। অবসর নেওয়া কিংবা কাজের ধরন পরিবর্তন করা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও, উদিত নারায়ণ বিশ্বাস করেন যে অরিজিৎ সিং কখনোই সংগীতকে পুরোপুরি বিদায় জানাবেন না।



