দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও কানাঘুষার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনের আলোচিত এই জুটি আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের আয়োজনে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। ইতোমধ্যে গত এক সপ্তাহ ধরে জেফার ও রাফসানের ঘনিষ্ঠজনদের কাছে পৌঁছে গেছে বিয়ের আমন্ত্রণপত্র। যদিও এ বিষয়ে জানতে চাইলে জেফারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্যও করেননি।
জেফার ও রাফসানের বন্ধুত্ব বহুদিনের। সেই বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে প্রেম এবং শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে পৌঁছান তারা। বছরখানেক আগে রাফসানের আগের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই মূলত জেফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন জোরালো হতে শুরু করে। যদিও প্রকাশ্যে তারা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিয়েছেন।
গত বছরের মাঝামাঝিতে থাইল্যান্ড সফরে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের একটি রেস্তোরাঁয় দুজনের একসঙ্গে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের কৌতূহল আরও বেড়ে যায়। সে সময় ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে জেফার বিরক্তি প্রকাশ করে জানিয়েছিলেন, এসব বিষয়ে তিনি প্রকাশ্যে কথা বলতে চান না।
তবে শেষ পর্যন্ত পুরোনো প্রবাদই যেন সত্যি হলো—‘যা রটে, তার কিছুটা হলেও ঘটে’। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ চার হাত এক হতে যাচ্ছে জেফার রহমান ও রাফসান সাবাবের।



