গত বছরের শুরুতে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাহসান ও রোজাকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনা চলতে থাকে।
এই আলোচনার মধ্যেই এবার ভক্তদের জন্য সুখবর দিলেন তাহসান খান। দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন ছোট পর্দায় জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’–এর মাধ্যমে। অনুষ্ঠানে তাহসানকে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে। বঙ্গ প্রযোজিত এই গেম শোটি প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে সম্প্রচারিত হবে। পাশাপাশি, একই চ্যানেলে প্রতি বুধবার বেলা ১টায় অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখা যাবে।
অনুষ্ঠানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, এবারের সিজন সত্যিই জমে উঠেছে। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—প্রশ্নগুলোর সার্ভে দেশের সব ৬৪ জেলা থেকে নেওয়া হয়েছে। ফলে প্রশ্নগুলো যেমন মজার, তেমনি দর্শকদের জন্য চমকপ্রদও।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। প্রায় ১১ বছরের সেই দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে ২০১৭ সালে।



