বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭ সালের অফিসার ক্যাডেট ব্যাচে যোগদানের শুভ সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত। এই ব্যাচের একটি বিশেষত্ব হলো, যারা ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারাও আবেদনের সুযোগ পাচ্ছেন। আগ্রহী প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে এবং ১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে (সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে ১৮-২৩ বছর) থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম একটিতে জিপিএ ৫.০০ এবং অন্যটিতে ৪.৫০ থাকতে হবে, যেখানে গণিত ও পদার্থবিজ্ঞান থাকা আবশ্যিক। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘ও’ এবং ‘এ’ লেভেলে নির্দিষ্ট গ্রেডসহ গণিত ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্যতামূলক। আগ্রহী প্রার্থীরা এক হাজার টাকা আবেদন ফি জমা দিয়ে নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। তবে মনে রাখতে হবে, কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়া কিংবা আইএসএসবি (ISSB) থেকে দুইবার প্রত্যাখ্যাত প্রার্থীরা এই পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।



