ফেব্রুয়ারির প্রথম দিনেই প্রকাশ্যে এলো ঢালিউড মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত নতুন সিনেমা ‘প্রিন্স’-এর মোশন ফার্স্ট লুক। মাত্র ১৮ সেকেন্ডের এই ভিডিওতেই দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করেন শাকিব খান, যা মুহূর্তেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে।
মোশন ফার্স্ট লুকে দেখা যায়, মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস—পুরোপুরি মারকাটারি অ্যাকশন লুকে হাজির হয়েছেন শাকিব খান। পরনে কালো গাউন, হাতে ধরা একেবারেই ইউনিক ডিজাইনের বড় একটি মিউজিক্যাল বন্দুক। নায়কের পেছনে স্থির হয়ে আছে একটি গোটা শহর, আকাশে উড়ছে হেলিকপ্টার—সব মিলিয়ে লুকটি যেন সিনেমাটিক থ্রিলের প্রতিশ্রুতি দিচ্ছে। ভিডিওর শেষাংশে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতরে বড় বাজেটের এই সিনেমাটি মুক্তি পাবে।
শাকিব খানের এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘একেই বলে বাংলার কিং খান’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘বস মানেই আগুন’—এভাবেই প্রশংসায় ভাসছেন নায়ক।
‘প্রিন্স’ সিনেমায় আবারও গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন তিন নায়িকা। তাদের মধ্যে একজন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। অন্য দুইজন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। ভিন্নধর্মী এই কাস্টিং দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
পরিচালক আবু হায়াত মাহমুদের পরিচালনায় এবং বলিউডের খ্যাতনামা চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় নির্মিত ‘প্রিন্স’ সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সব ঠিক থাকলে আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান অভিনীত এই প্রতীক্ষিত সিনেমা।



