ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম জোরদারভাবে চলছে। নির্বাচন কমিশনের প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৯৪ হাজার ৫২৭ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৫৭৩ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৮ জন নারী।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়। নিবন্ধনকৃতদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে সৌদি আরব থেকে ৩৮ হাজার ৩৭৪ জনের। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন করেছে যুক্তরাষ্ট্রের ১৯ হাজার ২২৭ জন প্রবাসী বাংলাদেশি।
ইসি জানিয়েছে, প্রবাসীরা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। এর আগে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন উন্মুক্ত রাখার কথা জানানো হলেও পরবর্তীতে সময়সীমা বাড়ানো হয়েছে। এ ছাড়া অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসি।
একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPV) প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।



