বক্স অফিস কাঁপানো সিনেমা ‘ধুরন্ধর’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়াল ‘ধুরন্ধর ২’-এর টিজার প্রকাশ করেছে জিও স্টুডিও। টিজার মুক্তির পরপরই নেটদুনিয়ায় তুমুল সাড়া ফেলেছে পরিচালক আদিত্য ধরের নতুন এই সিনেমা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জিও স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় টিজারটি, যার শিরোনাম রাখা হয়েছে—‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
টিজারে আগুনঝরা চোখ, দুর্ধর্ষ অভিব্যক্তি আর পুরোপুরি মারকাটারি লুকে ধরা দিয়েছেন বলিউড তারকা রণবীর সিং। আগের কিস্তির তুলনায় এই সিনেমায় আরও বেশি অ্যাকশন, প্রতিশোধের গল্প ও বিস্ফোরক মুহূর্ত অপেক্ষা করছে দর্শকদের জন্য—এমনই ইঙ্গিত মিলেছে টিজারের প্রতিটি দৃশ্যে।
টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। থ্রিলারধর্মী এই সিনেমার ঝলক ইতোমধ্যেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে পৌঁছে দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, ‘ধুরন্ধর ২’ হতে যাচ্ছে রণবীর সিংয়ের ক্যারিয়ারের অন্যতম অ্যাকশন-প্যাকড সিনেমা।
এই পর্বেও রণবীর সিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের শক্তিশালী অভিনেতা সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং আর. মাধবনকে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম—এই পাঁচ ভাষায় আগামী ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।



