বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন’ আবারও শিরোনামে এসেছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা ‘ডন ৩’ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এক গুঞ্জনে—নিজের আইকনিক চরিত্রে ফিরতে পারেন শাহরুখ খান। তবে এগারো দেশের পুলিশের ‘মোস্ট ওয়ানটেড’ ডনের ভূমিকায় ফিরতে বলিউড বাদশাহ একটি স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনসহ একাধিক সূত্রের খবরে জানা গেছে, শাহরুখ খান চান তার সুপারহিট ছবি ‘জওয়ান’–এর পরিচালক অ্যাটলি কুমারকে ‘ডন ৩’-এর সঙ্গে যুক্ত করতে। শাহরুখের মতে, দক্ষিণী ঘরানার এই নির্মাতা যুক্ত হলে সিনেমার ভিজ্যুয়াল স্কেল যেমন বাড়বে, তেমনি নতুন প্রজন্মের দর্শকদের আগ্রহও আরও গভীর হবে।
তবে শাহরুখের এই শর্ত নিয়ে এখনো পর্যন্ত ‘ডন’ সিরিজের নির্মাতা ফারহান আখতারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ‘ডন ৩’-এর নায়ক হিসেবে রাণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলেও, পরে তিনি নিজেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই শাহরুখ খানের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা আরও জোরালো হয়।
জানা গেছে, রাণবীর সিং বর্তমানে সঞ্জয় লীলা বানসালি, লোকেশ কঙ্গরাজ ও অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী। পাশাপাশি ‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে গ্যাংস্টার ঘরানায় নিজের উপস্থিতি জানান দেওয়ায়, আপাতত একই ধরনের চরিত্রে অভিনয় করতে তিনি আগ্রহী নন।
নায়ক নির্বাচন ছাড়াও নায়িকা নির্বাচন নিয়েও চাপে রয়েছেন ফারহান আখতার। ‘ডন ৩’-এর জন্য তিনি এমন একজন শক্তিশালী অভিনেত্রী খুঁজছেন, যিনি অ্যাকশনধর্মী চরিত্রে সাবলীল। শুরুতে কিয়ারা আদভানি স্ক্রিপ্ট পছন্দ করলেও শেষ পর্যন্ত সম্মতি দেননি। পরে কৃতি শ্যাননের নাম আলোচনায় এলেও সেখানেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এরপর ফারহান আখতার নিজেই দীপিকা পাড়ুকোনের নাম সামনে আনেন। তার মতে, এই চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রী প্রয়োজন, যাঁর অ্যাকশন দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং ঝুঁকিপূর্ণ দৃশ্যে পারদর্শিতা আছে—যে দিক থেকে দীপিকা অন্যদের তুলনায় এগিয়ে। তবে তিনি চূড়ান্ত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, ১৯৭৮ সালে সেলিম খান–জাভেদ আখতার জুটির হাত ধরে প্রথম ‘ডন’ চরিত্রটি পর্দায় আসে, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ২০০৬ সালে শাহরুখ খানের হাত ধরে নতুন রূপে ফিরে আসে ‘ডন’, যা ব্যাপক সাফল্য পায়। ২০১১ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল। দুই বছর আগে ‘ডন ৩’ নির্মাণের ঘোষণা এলেও চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তখন সরে দাঁড়ান শাহরুখ। তার অনুপস্থিতি নিয়ে সে সময় ভক্তদের তীব্র প্রতিক্রিয়াও দেখা গিয়েছিল।



