গত ৫ অক্টোবর জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয় অভিনব এই প্রতিযোগিতা। ‘ম্যাট রেস’ নামের এ আয়োজনে অংশ নেন কয়েক ডজন প্রতিযোগী। একটি ম্যাট্রেস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সর্বোচ্চ ৯০ মিনিট ঘুমানোর সুযোগ দেওয়া হয়। তবে শুধু দ্রুত ঘুমিয়ে পড়াই বিজয়ী হওয়ার মাপকাঠি ছিল না। ঘুমের গভীরতা, মান, ঘুমিয়ে পড়তে কতটা সময় লাগছে এবং ঘুম কতটা স্থিতিশীল থাকছে—এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়।
প্রতিযোগীদের মাথায় বিশেষ যন্ত্র স্থাপন করে ঘুমের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। পরে এসব তথ্য বিশ্লেষণ করে নির্ধারিত স্কোরের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় ‘সুইমি’ নামে পরিচিত এক নারী প্রথম স্থান অর্জন করেন। পুরস্কারের অর্থ দিয়ে নতুন বাসায় ওঠার খরচ মেটানোর পরিকল্পনা করেছেন তিনি। পাশাপাশি রাজকন্যাদের মতো একটি বিছানা কেনার ইচ্ছার কথাও জানিয়েছেন।
জাপানে দীর্ঘ কর্মঘণ্টা ও ব্যস্ত যাতায়াতের কারণে অনেক মানুষ পর্যাপ্ত ঘুমের সুযোগ পান না। এ পরিস্থিতিতে ঘুমের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের মতে, ঘুমকে প্রতিযোগিতার মাধ্যমে আকর্ষণীয় করে তুললে মানুষ পর্যাপ্ত বিশ্রামের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবে।
সূত্র: জাপান টাইমস, এএফপি।



