গত শনিবার (২১ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেন সংস্থাটির গবেষণা পরিচালক মো. দীন ইসলাম এবং সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত। গবেষণায় দেখা গেছে, শহরের তুলনায় গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর ওপর ভ্যাটের চাপ আরও বেশি। গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশেরও বেশি ভ্যাট পরিশোধে চলে যায়। অন্যদিকে, শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এ হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ।
গবেষণায় আরও বলা হয়েছে, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবারের কাছ থেকে। বিদ্যমান করহার অনুযায়ী, সম্ভাব্য মোট ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি এই ধনী শ্রেণির কাছ থেকে আদায় হওয়ার কথা। বিপরীতে, আয়ের দিক থেকে নিচের ৭০ শতাংশ পরিবারের ওপর আয়করের কোনো দায়ভার নেই।
তবে বাস্তবে দেশের কর আদায়ের চিত্র ভিন্ন। মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ নিয়মিত আয়কর দেন। এমনকি ই-টিআইএনধারীদের মধ্যেও আয়কর রিটার্ন জমা দেওয়ার হার উল্লেখযোগ্যভাবে কম। ব্যক্তিপর্যায়ে এ হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ।
অনুষ্ঠানে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, শুধু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করলেই হবে না, একই সঙ্গে করব্যবস্থায় ন্যায্যতা, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। দেশে অর্থনৈতিক বৈষম্য দ্রুত বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সমপরিমাণ আয়ের ক্ষেত্রে সমহারে এবং বেশি আয়ের মানুষের ক্ষেত্রে বেশি কর আরোপ করা হলে করব্যবস্থায় বৈষম্য কমবে। পাশাপাশি রাজস্ব প্রশাসনের প্রতি জনগণের আস্থাও বাড়বে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সরকার রাজস্ব আদায় বাড়ানোর কার্যকর উপায়গুলো পর্যালোচনা করছে। তিনি আরও জানান, চলতি বছর সম্পদ কর চালুর প্রস্তাব সরকার থেকে বাদ দেওয়া হয়েছে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি সম্পদের মালিকদের অনেকের কাছে ওই সম্পদের বিপরীতে কর পরিশোধের মতো পর্যাপ্ত নগদ অর্থ নাও থাকতে পারে। এ কারণে নতুন করে সম্পদ কর আরোপের পরিবর্তে বিদ্যমান সারচার্জ পুনর্বিন্যাসের ওপর সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।



