জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে মেটা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে অন্য কোনো ব্যক্তির ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজ উদ্যোগে সরে যেতে পারবেন। ফলে যাদের সঙ্গে সীমিত পরিসরে কনটেন্ট শেয়ার করা হয়, সেই ব্যবস্থায় ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে মেটা জানিয়েছে, ফিচারটি বর্তমানে প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। এখনো এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়নি। তবে উন্নয়ন প্রক্রিয়া চলমান থাকায় ভবিষ্যতে এটি ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।
ইনস্টাগ্রামে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারটি প্রথম চালু হয় ২০১৮ সালে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরি, রিলস বা নির্দিষ্ট পোস্ট বেছে নেওয়া কিছু মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন। ব্যক্তিগত বা সীমিত দর্শকের কাছে কনটেন্ট পৌঁছানোর জন্য এই ফিচারটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে এতদিন কোনো ব্যবহারকারী যদি অন্যের ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় যুক্ত থাকতেন, তাহলে সেখান থেকে নিজের ইচ্ছায় বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না।
নতুন এই সম্ভাব্য ফিচারটির বিষয়ে প্রথম তথ্য সামনে আনেন অপ্রকাশিত ফিচার শনাক্তকারী হিসেবে পরিচিত রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি। অ্যাপের অভ্যন্তরীণ কোড বিশ্লেষণের মাধ্যমে তিনি বিষয়টি শনাক্ত করেন। তার শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, কেউ যদি কারও ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজে সরে যান, তাহলে তিনি আর ওই ব্যবহারকারীর ক্লোজ ফ্রেন্ডসের জন্য নির্ধারিত স্টোরি বা কনটেন্ট দেখতে পারবেন না। ভবিষ্যতে সেসব কনটেন্ট দেখতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আবার নতুন করে তালিকায় যুক্ত করতে হবে।
এদিকে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের পাশাপাশি ইনস্টাগ্রামসহ মেটার অন্যান্য প্ল্যাটফর্ম—ফেসবুক ও হোয়াটসঅ্যাপের জন্যও নতুন কিছু সাবস্ক্রিপশনভিত্তিক সুবিধা নিয়ে কাজ চলছে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে ব্যবহারকারীরা অতিরিক্ত ও বিশেষ নিয়ন্ত্রণ সুবিধা পেতে পারেন। যদিও ঠিক কোন কোন ফিচার এতে যুক্ত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত জানানো হয়নি।
তবে আলেসান্দ্রো পালুজ্জির দেওয়া তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামের প্রিমিয়াম সংস্করণে অসীম সংখ্যক অডিয়েন্স লিস্ট তৈরির সুযোগ, কে ফলোব্যাক করেনি তা দেখার সুবিধা, এমনকি স্টোরি দেখা হলেও পোস্টদাতাকে তা জানানো হবে না—এমন নিয়ন্ত্রণমূলক ফিচার যুক্ত থাকতে পারে। মেটার ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মগুলোর মূল অভিজ্ঞতা সবার জন্য বিনামূল্যে রাখাই তাদের লক্ষ্য। তবে যারা বাড়তি নিয়ন্ত্রণ ও বিশেষ সুবিধা চান, তাদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক প্যাকেজ চালুর বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।



