সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মনসুর আহমদ নামের এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান ‘বিগ টিকিট’-এর ই-ড্র-এ অংশ নিয়ে প্রথম চেষ্টাতেই অর্ধকোটি টাকার স্বর্ণ জিতেছেন। রোববার (২৬ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, তিনি ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণের লটারি জিতেছেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। লটারিতে তার টিকিট নম্বর ছিল ০৫৪৪১১। লাইভ ড্র-এর সময় তার নাম ঘোষণার পর তিনি হতবাক হয়ে যান এবং নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিগত চার বছর ধরে দুবাইয়ে কর্মরত মনসুর আহমদ জানান, প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পেরে তিনি ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ তৈরি করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রথমবারের মতো টিকিট কিনেছিলাম, আর আমরা জিতে গেলাম! সত্যিই অবিশ্বাস্য ভাগ্য।” বিজয়ের এই খবর পেয়ে তিনি বন্ধুদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন। পুরস্কারের এই স্বর্ণ তিনি গ্রুপের ১০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে নেবেন বলেও জানান। মনসুর বলেন, “আমরা একসঙ্গে টিকিট কেনা চালিয়ে যাব এবং বিগ টিক টিকিটে আবারও চেষ্টা করব। এটি এমন একটি অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলব না।”



