যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শুরু করে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। একইসঙ্গে প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সোমবার (৪ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তৃণমূল স্তরের খেলোয়াড়দের উৎসাহিত করতে ৩০০-এর বেশি ক্রীড়া কার্ড দিয়েছেন। তিনি তরুণ প্রজন্মকে ডিভাইস-আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া সংশ্লিষ্ট বিভাগ চালু এবং উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের উদ্যোগের কথাও জানান তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় ৩০টি ইভেন্টে অংশ নেয়।



