মুস্তাফিজকে ঘিরে গত আইপিএলে বেশ আলোচনা তৈরি হয়েছিল। নিলামে তাঁকে দলে নেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাঁকে ছেড়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ দল। এবার মিনি নিলামে নাম নিবন্ধনের সুযোগ থাকলেও মুস্তাফিজ কেন নাম দেননি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, নাম নিবন্ধন করা বা না করার সিদ্ধান্ত সম্পূর্ণ খেলোয়াড়ের ব্যক্তিগত। গত ২৩ নভেম্বর নিবন্ধনের শেষ সময় থাকলেও মুস্তাফিজের নাম জমা পড়েনি। এ ক্ষেত্রে বিসিবির কোনো ভূমিকা নেই বলেও জানান তিনি।
এবারের নিলামে নাম নিবন্ধন না করা আরেক আলোচিত বাংলাদেশি ক্রিকেটার হলেন পেসার নাহিদ রানা। সবশেষ ভারত সফরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে তিনিও এবারের আইপিএল নিলামে নাম লেখাননি। অন্যদিকে নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
এবারের আইপিএল মিনি নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।



