কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-এর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগকে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খানের সমর্থনে বিপুলসংখ্যক মানুষ সড়কে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
ইমরান খানের আইনজীবীর দাবি, তার ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। এই অভিযোগ সামনে আসার পরই সমর্থকেরা পোস্টার ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করে। করাচিসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান।
জানা গেছে, গত অক্টোবর থেকেই তিনি গুরুতর দৃষ্টিশক্তি সমস্যায় ভুগছেন। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, কারাবন্দি অবস্থায় ইমরান খানের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে এবং চিকিৎসাসংক্রান্ত একটি ভুল সম্মতিপত্রেও তার স্বাক্ষর নেওয়া হয়েছে।
অন্যদিকে প্রশাসনের দাবি, ৭৩ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার স্বাস্থ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।



