ক্রিকেটের সামগ্রিক স্বার্থ বিবেচনায় আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতার জন্য পাকিস্তান যে ইতিবাচক উদ্যোগ নিয়েছে, তাতে তারা গভীরভাবে কৃতজ্ঞ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। তার ভাষায়, পারস্পরিক সহযোগিতা আন্তর্জাতিক ক্রিকেটের পরিবেশকে আরও শক্তিশালী করবে।
আমিনুল ইসলাম আরও জানান, সম্প্রতি পাকিস্তান সফর ও সংশ্লিষ্ট আলোচনার প্রেক্ষাপটে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি আয়োজনের বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। এই উদ্যোগ পুরো ক্রিকেট ব্যবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিসিবির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানানো হয়। বিশেষভাবে পিসিবির চেয়ারম্যান মোহসিন রাজা নাকভি, তার নেতৃত্বাধীন বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করা হয়েছে।



