ইরানের শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রোববার (৮ ফেব্রুয়ারি) তার আইনজীবী মোস্তফা নিলি বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আদালতের রায়ে ‘অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হওয়া ও এতে যোগসাজশের’ অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দুই বছরের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া ‘রাষ্ট্রবিরোধী প্রচারণা’ চালানোর অভিযোগে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে ইরানে মৃত্যুদণ্ড ও নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকার কারণে গত প্রায় ২৫ বছর ধরে বারবার বিচার ও কারাবরণের শিকার হয়েছেন নার্গিস মোহাম্মাদি। গত এক দশকেরও বেশি সময় তিনি কারাগারেই কাটিয়েছেন। মানবাধিকার রক্ষায়, বিশেষ করে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।



