যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও অনেক শিক্ষার্থীর প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় জীবনযাত্রার উচ্চ ব্যয়। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আশার খবর দিয়েছে ‘ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট’। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সাম্প্রতিক এক জরিপে দেশটির এমন কিছু বিশ্ববিদ্যালয়ের তালিকা উঠে এসেছে, যেখানে আবাসন ও খাবারের (Room and Board) বার্ষিক খরচ ২ হাজার ৯০০ থেকে ৮ হাজার ৬০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ। ১ হাজার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই সাশ্রয়ী তালিকাটি প্রকাশ করা হয়েছে।
সবচেয়ে সাশ্রয়ী ১০ বিশ্ববিদ্যালয়: জরিপ অনুযায়ী, আবাসনের দিক থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাশ্রয়ী প্রতিষ্ঠান হলো লুইজিয়ানার সাউদার্ন ইউনিভার্সিটি অ্যান্ড এ অ্যান্ড এম কলেজ, যেখানে বার্ষিক খরচ মাত্র ২ হাজার ৯২৬ ডলার। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে পিআর-এর ইউনিভার্সিদাদ ডেল সেগ্রাডো কোরাজন (৩,৩০০ ডলার) এবং ক্যালোমেট কলেজ অব সেন্ট জোসেফ (৫,০০০ ডলার)। অন্যান্য সাশ্রয়ী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আলাবামা স্টেট ইউনিভার্সিটি (৬,০৫০ ডলার), নর্থওয়েস্টার্ন ওকলাহামা স্টেট ইউনিভার্সিটি (৬,১২০ ডলার), ইউনিভার্সিটি অব গুয়াম (৬,১২৮ ডলার), ওকলাহামা প্যানহ্যান্ডাল স্টেট ইউনিভার্সিটি (৬,৩৯৮ ডলার), ব্যাপ্টিস্ট ইউনিভার্সিটি অব ফ্লোরিডা (৬,৫৭০ ডলার), লিবিংস্টোন কলেজ (৬,৭৯৪ ডলার) এবং সাউদার্ন আরাকানসাস ইউনিভার্সিটি (৭,৫৭৮ ডলার)।
ব্যয়বহুল শহরের বৈপরীত্য: সাশ্রয়ী এই তালিকার ঠিক বিপরীত চিত্র দেখা গেছে নিউ ইয়র্ক সিটির বিশ্ববিদ্যালয়গুলোতে। আবাসন খরচের দিক থেকে শীর্ষে থাকা নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজিতে বার্ষিক খরচ পড়ে প্রায় ২৮ হাজার ২০০ ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কিছু নামী বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি, আবাসন ও বিমা মিলিয়ে বছরে মোট খরচ ১ লাখ ডলার ছাড়িয়ে যাচ্ছে।
শিক্ষার ধরন ও সুযোগ: ইউএস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তালিকার সাশ্রয়ী প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই স্থানীয় কলেজ বা স্টেট ইউনিভার্সিটি হিসেবে পরিচিত। এগুলো মূলত আন্ডারগ্রাজুয়েট বা স্নাতক প্রোগ্রামগুলোর ওপর বেশি গুরুত্ব দেয় এবং সীমিত পরিসরে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে। স্বল্প বাজেটের শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানগুলো মানসম্মত শিক্ষার পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকার খরচ অনেকাংশে কমিয়ে আনতে সহায়ক হতে পারে।


