সাইকেলে চেপে দীর্ঘ ৩৭ দিনের এক অ্যাডভেঞ্চার শেষে হিমালয়ের এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে এক অনন্য ইতিহাস গড়েছেন রাঙামাটির ৩০ বছর বয়সী যুবক বীর কুমার তঞ্চঙ্গ্যা। গত ১৬ আগস্ট কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ সমতল থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ ও ভারতের সীমানা পেরিয়ে গত ২২ সেপ্টেম্বর নেপালের ৫,৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি। শুধু বেস ক্যাম্পেই থেমে থাকেননি, পরবর্তীতে তিনি ৫,৫৫০ মিটার উচ্চতার কালা পাথার শৃঙ্গেও পা রাখেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) গ্র্যাজুয়েট বীর কুমার তঞ্চঙ্গ্যা এর আগেও তার বাইসাইকেল নিয়ে বাংলাদেশের ৬৪টি জেলা এবং ভারতের ১০টি অঙ্গরাজ্য ভ্রমণ করেছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে সড়কপথে সাইকেল চালিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথম সাইক্লিস্ট হিসেবে নিজেকে দাবি করেছেন তিনি।
তার এই রোমাঞ্চকর অভিযানের পেছনে কেবল রেকর্ড গড়ার লক্ষ্য ছিল না, বরং সমাজ ও পরিবেশ সচেতনতা সৃষ্টির এক মহৎ উদ্দেশ্য জড়িয়ে ছিল। রক্তদান, পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা গড়ে তোলাই ছিল তার এই যাত্রার মূল বার্তা। পাহাড় থেকে শুরু করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে তুষারাবৃত হিমালয়ের পথে বীর কুমারের এই অবিচল ইচ্ছা ও সাফল্য দেশজুড়ে তরুণদের নতুন স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করছে।



