আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশের ক্রিকেট অঙ্গনে বইছে সমালোচনার ঝড়। এই ঘটনার রেশ ধরে এবার আইপিএল নিয়ে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করলেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। তিনি সাফ জানিয়েছেন, আগামী মৌসুমে আইপিএলের মেগা নিলামে নাম নিবন্ধনের আগে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে সিদ্ধান্ত নেবেন।
সাম্প্রতিক এই সংকট কেবল মাঠের ক্রিকেটে সীমাবদ্ধ নেই; দুই দেশের ক্রীড়া ও প্রশাসনিক মহলেও তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার পেছনে সুনির্দিষ্ট কারণ অস্পষ্ট থাকায় তানজিম সাকিব একে ‘রাজনৈতিক’ হস্তক্ষেপ হিসেবে ইঙ্গিত করেছেন। সিলেটে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মুস্তাফিজ ভাইকে কেন আইপিএল থেকে সরানো হলো তার সুনির্দিষ্ট কারণ আমরা জানি না। ক্রিকেটে রাজনীতি ঢোকা মোটেও উচিত নয়।” তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে আইপিএলের নিলামে নাম তোলার আগে নিজের এজেন্ট ও দেশের সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, ২০২৬ সালের নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে নিলেও পরিবর্তিত পরিস্থিতিতে তিনি খেলার সুযোগ হারান। এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছে, যা বর্তমানে আইসিসি-র সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে তানজিম সাকিবের এই কঠোর মনোভাব ইঙ্গিত দিচ্ছে যে, আইপিএল নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের দীর্ঘদিনের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে।



