ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন ছাপিয়ে তামান্না ভাটিয়া এখন তাঁর ক্যারিয়ারের স্বর্ণালি সময় পার করছেন। ২০২৫ সালে ‘স্ত্রী ২’ সিনেমায় ‘আজ কি রাত’ আইটেম গানে তাঁর পারফরম্যান্স দর্শক মহলে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছিল। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই ২০২৬ সালের শুরুতেই এক অভাবনীয় পারিশ্রমিক হাঁকিয়ে খবরের শিরোনামে এলেন এই দক্ষিণী সুন্দরী। জানা গেছে, বর্ষবরণের রাতে গোয়ার বাগা বিচে আয়োজিত একটি কনসার্টে মাত্র ৬ মিনিট পারফর্ম করার জন্য তিনি ৬ কোটি রুপি দাবি করেছেন। অর্থাৎ, মঞ্চে তাঁর উপস্থিতির প্রতি মিনিটের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি রুপি!
তামান্নার এই আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাধারণত বড় বাজেটের সিনেমায় মূল নারী চরিত্রের অভিনয়শিল্পীরা পুরো সিনেমার জন্য ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক পান; সেখানে মাত্র কয়েক মিনিটের জন্য এত বিশাল অংকের অর্থ দাবি করা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে ভক্ত ও সমর্থকদের মতে, বর্তমান বাজারে তামান্নার বিপুল চাহিদা ও গ্ল্যামারের কারণেই এই পারিশ্রমিক ন্যায্য। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই অভিনেত্রী সিনেমার পাশাপাশি এখন লাইভ ইভেন্টেও নিজের আধিপত্য বজায় রাখছেন, যা আয়োজকদের যেমন ভাবিয়ে তুলছে, তেমনি ভক্তদের মাঝে তৈরি করছে বাড়তি কৌতূহল।



