পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক ভারত ও সহ-আয়োজক শ্রীলঙ্কা। ভারতের মাটিতে পাকিস্তানের ম্যাচ না খেলার কারণে বিশ্বকাপের সহ-আয়োজক হয়েছে লঙ্কানরা। গত আসরের মতো এবারও বিশ্বকাপে খেলছে বাংলাদেশ নারী দল। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল আসরে অংশ নিচ্ছে টাইগ্রেসরা।
গৌহাটিতে অনুষ্ঠিত ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। দুই দলই জয় দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে চায়।
এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল। টুর্নামেন্টটি হবে হাইব্রিড মডেলে। ভারত মূল আয়োজক হলেও পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কার মাটিতে। ভেন্যুগুলো হলো ভারতের গৌহাটি, ইন্দোর, নাভি মুম্বাই, বিশাখাপত্তম এবং শ্রীলঙ্কার কলম্বো।
২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা পায়। স্বাগতিক হিসেবে খেলার সুযোগ পেয়েছে ভারত। বাকি পাঁচটি দল হলো—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব শেষে বাংলাদেশ ও পাকিস্তান মূল পর্বে খেলার টিকিট অর্জন করে।
লিগ পর্বসহ এবারের আসরে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট। লিগ পর্ব শেষ হবে ২৬ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল, ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল এবং ২ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর।



