এক যুগেরও বেশি সময় পর পরিবর্তন হলো ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নাম। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জরুরি নির্বাহী কমিটির সভায় লিগের নতুন নামকরণ করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।
২০০৭ সালে বাফুফে পেশাদার লিগ চালু করে, তখন এর নাম ছিল বি লিগ। ২০০৮ সালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার পর এর নামকরণ হয় বাংলাদেশ লিগ। এরপর ২০১১ সালে আবার পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দীর্ঘ এক যুগ ধরে এই নামেই ঘরোয়া ফুটবলের শীর্ষ আসর পরিচিত ছিল। তবে নতুন মৌসুম থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতা চলবে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামে।
বাফুফে সূত্র জানায়, ক্রিকেটের বিপিএল-এর সঙ্গে নামের সাদৃশ্য থাকায় সাধারণ ক্রীড়াপ্রেমীদের মাঝে বিভ্রান্তি তৈরি হতো। গুগলে “বিপিএল” লিখে সার্চ দিলে ফুটবলের পরিবর্তে বেশি ফলাফল আসত ক্রিকেটের লিগ নিয়ে। এ বিভ্রান্তি দূর করার পাশাপাশি ঘরোয়া ফুটবলকে নতুনভাবে ব্র্যান্ডিং করার লক্ষ্যেই লিগের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামের সঙ্গে লিগের লোগোতেও পরিবর্তন আনা হবে।



